বকেয়া পরিশোধ না হলে ৭ নভেম্বর বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করবে আদানি

প্রকাশিত: 4:26 PM, November 3, 2024
ছবি: অনলাইন সংগৃহীত

বকেয়া পরিশোধ না হলে ৭ নভেম্বর বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করবে আদানি

বকেয়া পরিশোধ না হলে ৭ নভেম্বর বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করবে আদানি ভারতের আদানি গ্রুপ আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে তারা বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে এনেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বকেয়া ৮৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা, পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

প্রথমে আদানি ৩১ অক্টোবর পর্যন্ত বকেয়া পরিশোধের সময় বেঁধে দিয়েছিল এবং ১৭০ মিলিয়ন ডলারের লেটার অব ক্রেডিট (এলসি) চেয়েছিল। পিডিবি কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি ইস্যু করলেও তা চুক্তির শর্তানুসারে ছিল না, এবং ডলার সংকট এই সমস্যার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়।

৩১ অক্টোবরের পর আদানি তাদের ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে আনে। পিজিসিবি সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ১ হাজার ৪৯৬ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র থেকে শুক্রবার দিনে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, যার ফলে বাংলাদেশে লোডশেডিং বেড়ে যায়।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারীদের মধ্যে আদানি গ্রুপ অন্যতম বড় সরবরাহকারী, যার পরে রয়েছে পায়রা, রামপাল, এবং এসএস পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র। বাগেরহাটের রামপাল এবং এসএস পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা সংকটের কারণে ইতিমধ্যে অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, বাংলাদেশ জ্বালানির অর্থ সময়মতো পরিশোধ করতে না পারায় কিছু বিদ্যুৎ ইউনিট জ্বালানি কেনা কমিয়ে দিয়েছে, ফলে বকেয়া বিল ক্রমেই বাড়ছে।

ছাত্র-জনতার ওপর ২৮ রাউন্ড গুলি চালানো যুবলীগ কর্মী গ্রেপ্তার