
অনলাইন ডেক্স: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা।সরগরম ইলিশের বাজার চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়ছে জেলেদের জালে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ধরা ইলিশ নিয়ে উপকূলীয় আড়তগুলোতে ফিরে আসছেন জেলেরা।সরগরম ইলিশের বাজার দীর্ঘ বিরতির পর আড়তগুলো ক্রেতা-বিক্রেতার পদচারণায় সরগরম হয়ে উঠেছে। ইলিশের দামও কিছুটা কমেছে।
সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাটে জেলেদের ইলিশ নিয়ে আসতে দেখা গেছে।সরগরম ইলিশের বাজার কেউ কেউ নৌকা ও জাল নিয়ে আবার নদীতে ফিরেছেন। সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের জেলে মো. শরীফ জানান, রাতে তিনজন মিলে ইলিশ ধরে প্রায় পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন এবং কিছু সময় পর আবার নদীতে নামবেন।
নরসিংদী থেকে ইলিশ কিনতে আসা এক ক্রেতা মোস্তাক জানান, তারা এখানকার তাজা ইলিশ কিনতেই এসেছেন এবং তুলনামূলকভাবে কম দামে ইলিশ কিনতে পেরেছেন। অন্যদিকে, পাঙ্গাস মাছের বিক্রেতা কালু পাটওয়ারী জানান, গত বছরের তুলনায় এ বছর কম পাঙ্গাস ধরা পড়েছে। ছোট আকারের পাঙ্গাসের দাম প্রতি কেজি ৭০০ টাকা এবং বড় পাঙ্গাস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আড়তদার সেলিম সৈয়াল জানান, এখানে ইলিশ হালিতে বিক্রি হয়। ছোট ইলিশের এক হালি ২৫০ থেকে ২৮০ টাকা, মাঝারি সাইজের হালি ৪৫০ থেকে ৫০০ টাকা এবং বড় ইলিশ প্রতি হালি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার থেকে আসা আক্তার হোসেন বলেন, নিষেধাজ্ঞার আগে এই সাইজের ইলিশের দাম ছিল আরও বেশি।
মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল জানান, নিষেধাজ্ঞা মেনে চলায় ইলিশের প্রজনন সুরক্ষিত হয়েছে। তিনি বলেন, সাইজে ছোট ইলিশ বেশি পাওয়া যাচ্ছে, বড় ইলিশ তুলনামূলক কম। ইলিশ গবেষক আনিছুর রহমান বলেন, ইলিশ পরিভ্রমণশীল মাছ; তাদের চলার পথ সহজ করলে নদীতেও বছরজুড়ে ইলিশ মিলবে।
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের গবেষকরা পদ্মা ও মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ইলিশের প্রজনন নিয়ে গবেষণা চালাচ্ছেন। সোমবার হরিণা মাছঘাটে ইলিশের প্রজনন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। গবেষণার জন্য হরিণা ঘাটকে উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে ইলিশের দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন পরিমাপ করা হয়। প্রতিবছর এই জরিপ কার্যক্রম চলে এবং এর ফলাফল মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে পাঠানো হয়, যা পরে প্রকাশ করা হবে।


