
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
তরুণদের নেতৃত্বে গঠিত এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ, আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন সারজিস আলম।
দুই সংগঠনের সমানসংখ্যক নেতা নিয়ে নতুন দলের কমিটি গঠিত হয়েছে। আলোচিত সাবেক শিবির নেতাদের এতে রাখা হয়নি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও শীর্ষ পদগুলো চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া, চারটি গুরুত্বপূর্ণ পদ ছাড়া জাতীয় নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ করা হবে, যেখানে দলের শীর্ষ নেতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


