
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন।ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা
ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত হবে ব্যাংককে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঢাকা ও দিল্লির কর্মকর্তারা এই বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে ইউনূস-মোদির প্রথম সাক্ষাৎ।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
ব্যাংকক থেকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, ‘বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, শুক্রবার দ্বিপক্ষীয় আলোচনার আগে আজ বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
বিমসটেক সম্মেলনের মূল বিষয়
রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি নিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে। সেগুলো হলো:
১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন
২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
৩. নিরাপত্তা
৪. কৃষি ও খাদ্যনিরাপত্তা
৫. জনগণের মধ্যে সংযোগ
৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন
৭. কানেকটিভিটি
খলিলুর রহমান আরও জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্যরাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আগামীকাল ৪ এপ্রিল সম্মেলনের শেষ দিনে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গ্রহণ করবেন। এরপর তিনি ৪ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেবেন।


