সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে মামলা ও বাতিল হবে: আইন উপদেষ্টা

প্রকাশিত: 11:04 AM, November 9, 2024
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আইনটি বাতিল হলে এর অধীনে থাকা সব হয়রানিমূলক মামলা বাতিল হয়ে যাবে, তবে কম্পিউটার অপরাধ এবং হ্যাকিং সংক্রান্ত মামলা বিচারাধীন থাকবে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই তথ্য জানান।

ড. আসিফ নজরুল আরও বলেন, “আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের ঘোষণা দিয়েছিলাম, এবং যখন এই অ্যাক্ট বাতিল হবে, তখন এর অধীনে থাকা সব হয়রানিমূলক মামলা বাতিল হয়ে যাবে।” তিনি ডিআরইউ’র সম্পর্কে মন্তব্য করে বলেন, এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে সাংবাদিকদের মধ্যে কোনো গ্রুপিং নেই এবং এখানে একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, কিছু সাংবাদিক নেতা যারা সাংবাদিক নন, তারা সাধারণ সাংবাদিকদের জিম্মি করে ক্ষমতা, টাকা-পয়সা ও সম্পদ উপার্জন করেছেন, এবং তাদের কখনো ডিআরইউ’র নেতৃত্বে আসতে দেওয়া উচিত নয়।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেনি। তবে যারা ফ্যাসিস্ট সরকারের সমর্থক, তারা আন্দোলনকারীদের দমন করার কথা বলেছেন, তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ মামলা করেছে। তিনি আরও বলেন, যেসব সাংবাদিক সরকারী ফ্যাসিস্ট কর্মসূচি সমর্থন করে, তাদের সত্যিকার সাংবাদিক হিসেবে গণ্য করা যায় না।

এই অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এবারের পুরস্কার বিতরণীতে ১১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় পুরস্কার পান আহসান হাবিব রাসেল এবং তৃতীয় পুরস্কার যুগ্মভাবে জসিম উদ্দিন হারুন ও ফারহান ফেরদৌস। ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন মুহম্মদ আরাফাত মোমেন আদিত্য, দ্বিতীয় পুরস্কার পান মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পান পারভেজ নাদির রেজা। অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ইয়াসির আরাফাত রিপন, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মো. জোবায়ের হোসেন এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মো. তৌহিদুজ্জামান তন্ময়।

ব্যাটারিচালিত রিকশাচালক বিক্ষোভ