
চ্যাটজিপিটিতে যুক্ত হলো সার্চ ইঞ্জিন সুবিধা
চ্যাটজিপিটিতে যুক্ত হলো সার্চ ইঞ্জিন সুবিধা ওপেনএআই তাদের চ্যাটজিপিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত একটি সার্চ ইঞ্জিন চালু করেছে। প্রাথমিকভাবে এটি পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিনামূল্যের ব্যবহারকারী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও এই সুবিধাটি চালু করার পরিকল্পনা রয়েছে। নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি গ্রাহকরা চ্যাটের সময় সরাসরি ওয়েব থেকে হালনাগাদ তথ্য পেতে পারবেন।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং টিম সদস্যরা এই সেবাটি c, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস, এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে উপভোগ করতে পারছেন। আগে ধারণা করা হয়েছিল যে ওপেনএআই আলাদা কোনও অ্যাপের মাধ্যমে সার্চ সুবিধাটি চালু করবে, তবে প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটিতেই নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করেছে। ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীদের প্রশ্নের ভিত্তিতে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েবে তথ্য অনুসন্ধান করবে অথবা ব্যবহারকারী চাইলে সরাসরি সার্চ আইকনে ক্লিক করে তথ্য খুঁজতে পারবেন।
এই নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই প্রাসঙ্গিক তথ্য পেতে সক্ষম হবেন। সেইসঙ্গে ব্যবহারকারীরা চাইলে ম্যানুয়াল সার্চ সুবিধাও ব্যবহার করতে পারবেন, যা ওপেনএআইকে মাইক্রোসফটের কো-পাইলট বা গুগলের জেমিনির মতো এআই পরিষেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সহায়ক হবে। জানা গেছে, এই সার্চ প্রযুক্তিটি বিভিন্ন সার্চ মডেলের সমন্বয়ে তৈরি হয়েছে, এবং এতে জিপিটি-৪-এর একটি বিশেষ উন্নত সংস্করণ ব্যবহার করা হয়েছে। জুলাই মাসে প্রায় ১০ হাজার ব্যবহারকারী এই নতুন সুবিধাটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন।


