ভারতের আপত্তিতে বিপাকে আইসিসি, সূচি নিয়ে তৈরি হলো নতুন জটিলতা, বাতিল করা হলো লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন

প্রকাশিত: 4:51 PM, November 10, 2024

ভারতের আপত্তিতে বিপাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাতিল হলো চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। ২০২৫ সালের প্রতিযোগিতা উপলক্ষে ১১ নভেম্বর লাহোরে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাবে না জানিয়ে দেওয়ায় সেই আয়োজন স্থগিত করা হয়েছে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রতিযোগিতায় অংশ নেবে একদিনের ক্রিকেটে বিশ্বের শীর্ষ আটটি দল। ১৯৯৬ সালের পর এই প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হতে যাচ্ছে। তবে ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের আপত্তি জানিয়ে বিসিসিআই আইসিসিকে মৌখিকভাবে অবহিত করেছে। বিসিসিআই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবিও তুলেছে। ভারতীয় দলের ম্যাচগুলো কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়, এবং এই জটিলতা নিরসনে আইসিসি বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিযোগিতা শুরুর ১০০ দিন উপলক্ষে ১১ নভেম্বর লাহোরে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতি বদলানোর কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘‘প্রতিযোগিতার চূড়ান্ত সূচি এখনও নির্ধারণ করা যায়নি। আয়োজক এবং অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’’ তবে আইসিসি আনুষ্ঠানিকভাবে লাহোরের অনুষ্ঠান বাতিলের কারণ জানায়নি।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ‘‘আমাদের অবস্থান স্পষ্ট। কোনো দেশ যদি পাকিস্তানে দল পাঠাতে না চায়, তবে তাদের তা লিখিতভাবে জানাতে হবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন নিয়ে আমাদের সঙ্গে এখনও কেউ আলোচনা করেনি।’’ বিসিসিআইয়ের অবস্থান নিয়েও আইসিসির সঙ্গে তাঁদের কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।

প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, ২৩ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের সঙ্গে এবং ১ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে হওয়ার কথা ছিল। ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে হওয়ার কথা থাকলেও, বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে।

ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে সংশয় প্রথম থেকেই ছিল। একই কারণে এশিয়া কাপও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল। তবে পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আগ্রহী নয় এবং পাকিস্তান থেকে ম্যাচ সরাতে নারাজ। আইসিসি সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অংশ নেবে। লাহোর ছাড়াও রাওয়ালপিন্ডি, করাচি এবং মুলতানে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন