
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্যাংক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মামুনুর রশিদ ফাত্তাহকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গফরগাঁও থানার এএসআই মো. পুলিশের একটি দল ঢাকার শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর ফাত্তাহকে গফরগাঁও থানায় আনা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি আওয়ামী সরকারের শাসনামলে প্রবাসী কল্যাণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করেন। এমডির সহোদর শ্যালক পরিচয়ে তিনি বিভিন্ন ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।
প্রতারক ফাত্তাহ চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। পরে নিজের মোবাইল নম্বর ও বাসস্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যেতেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি জানলেও কেউ তার অপকর্মের দায় নিতে চায়নি।
এ বিষয়ে মামলার বাদী মো. নাহিদ বলেন, “আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি। তবে ফাত্তাহকে গ্রেফতারের পাশাপাশি যারা তাকে সহযোগিতা করেছে, তাদেরও আইনের আওতায় আনা উচিত।”
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আসামি ব্যাংক ঋণ সংক্রান্ত মামলায় আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। সোমবার গফরগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে ময়মনসিংহ কারাগারে পাঠিয়েছে।


