
স্কুলের বারান্দায় মাদক সেবনের ঘটনায় বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে আহত করেছে মাদকসেবীরা। স্কুলের বারান্দায় মাদকের আড্ডা ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
স্থানীয়রা জানান, স্কুলের বারান্দায় কয়েকজন যুবক মাদক সেবন করছিলেন। বিষয়টি দেখে একই গ্রামের ১০-১২ জন তরুণ তাদের বাধা দিলে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে রাফিন মিয়া (১৬), মাহমুদুল হাসান ফাহিম (১৭), নুরুল আমিন (১৭) ও আতিকুল ইসলাম (২২) মারাত্মক জখম হন। আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রাফিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে আহত রাফিন মিয়ার বাবা মো. রোস্তম আলী নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মাদকসেবীসহ মোট ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে স্কুল মাঠে মাদক সেবন করছিলেন। তাদের মধ্যে রয়েছে রামদী গ্রামের রাকিব মিয়া (২০), দেলোয়ার (২১), সিয়াম মিয়া (২০), আশিক (২০), নাঈম (২৫) ও কাইয়ুম (২৩)। তরুণরা বাধা দিলে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়।
অভিযুক্তদের বিষয়ে জানতে চাইলে তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে রাকিবের মা শিরিন আক্তার জানান, তার ছেলে স্কুল মাঠে ক্যারম খেলছিল, এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


