মিঠামইনে সংঘর্ষে ২০ জন আহত, ঢামেকে ৪ জন ভর্তি

প্রকাশিত: 11:20 PM, November 8, 2024
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইনে সংঘর্ষে ২০জন আহত হাওড় উপজেলা মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ৩ জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারসংলগ্ন নগদাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ঘাগড়া পশ্চিমপাড়া গ্রামের মাওলানা শেরজাহান এবং পূর্বপাড়া সাবেক মেম্বার খোকন মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত দুই দিন ধরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খোকন মেম্বার গ্রুপের কয়েকজন ঘাগড়া বাজারে গেলে তাদের মারধর করে প্রতিপক্ষের লোকজন। এরপর উভয়পক্ষই বল্লম, টেঁটা, সুরকি, হলঙ্গাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, ফলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে ৭ জনকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা খারাপ হলে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা সবাই খোকন মেম্বারের সমর্থক গ্রুপের সদস্য বলে জানা গেছে। অপরদিকে, টেঁটাবিদ্ধ হয়ে আহত পশ্চিমপাড়া গ্রামের তিনজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, শুক্রবার দুপুরে পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

আগরতলায় বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা।