
ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী তিন মাসেও হয়নি মামলা ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে যোগ দিয়ে রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন (২৪) হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট সন্ধ্যায়, মাস্টারবাড়ি এলাকায়। তোফাজ্জল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনো এ হত্যাকাণ্ডের কোনো মামলা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলটি গাজীপুরের শ্রীপুরের সীমান্তবর্তী জৈনা বাজার থেকে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় আসে। সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা মিছিল প্রতিহত করতে লাঠিসোটা নিয়ে হামলা চালালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তোফাজ্জলকে মিছিল থেকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাস্টারবাড়ির একটি ক্লিনিকে এবং পরে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন, ৫ আগস্ট, পুলিশ ময়নাতদন্ত শেষে তোফাজ্জলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে এবং ৬ আগস্ট সকালে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও হতদরিদ্র তোফাজ্জলের পরিবার মামলা করতে পারেনি। প্রভাবশালী একটি মহল এ ঘটনায় আইনি সহায়তা না দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আদালতে একাধিক অভিযোগ দায়ের করেও তা রহস্যজনকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়।
তোফাজ্জলের মা হাজেরা খাতুন জানান, তার স্বামী ২০০৪ সালে মারা যাওয়ার পর থেকেই সন্তানদের মানুষ করতে কঠোর সংগ্রাম করে আসছেন। শ্রীপুরে ছোট ভাই মোফাজ্জলকে নিয়ে থেকে তোফাজ্জল রাজমিস্ত্রির কাজ করতেন। হত্যাকাণ্ডের পর তোফাজ্জলের পরিবার মানসিক ও আর্থিক সংকটে পড়ে যায়। ভাইকে হারানোর পর মোফাজ্জল হোসেন জানান, হতদরিদ্র হওয়ার কারণে তিন মাস পেরিয়ে গেলেও তারা মামলা করতে পারেননি এবং পরিস্থিতির চাপে তিনি তার মা’কে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান। এখন তিনি খেতেখামারে শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন এবং ভাই হত্যার বিচার দাবি করেছেন।
এদিকে ভালুকা মডেল থানায় রকিবুল হাসান নামে একজন ব্যক্তি এবং হৃদয় মাহমুদ জান্নাত আলাদাভাবে ১৩৫ জনের নাম উল্লেখসহ দুটি মামলা দায়ের করেছিলেন, তবে রহস্যজনক কারণে সেগুলো প্রত্যাহার করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান জানান, অভিযোগের বিষয়টি তার যোগদানের আগের, তবে তিনি তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।


