
অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত শেষ করতে আরও সময় চেয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তখন ট্রাইব্যুনাল জানতে চান, ‘শেখ হাসিনা কোথায়?’
এ বিষয়ে তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ভারতে রয়েছেন। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করবে সরকার।
এছাড়া, জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
আদালতে হাজির হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে, ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন।


