
অনলাইন ডেস্ক:ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ হবে আরও সহজ ও দ্রুত অতীতে সুষ্ঠু ভূমি জরিপ কার্যক্রম সম্পন্ন না করার ফলে ব্যক্তি এবং সামাজিক পর্যায়ে মারামারি-হানাহানি, সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা অব্যাহত ছিল। তবে এলজিআরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ জানিয়েছেন,ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ হবে আরও সহজ ও দ্রুত ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্তুত করার কাজ অনেক সহজ হবে।
শনিবার নারায়ণগঞ্জ জেলার বন্দর ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন প্রকল্প (ইডিএলএমএস) পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
ভূমি উপদেষ্টা আরও জানান, ইডিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি থেকে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জিত হবে। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, দ্রুত এবং উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, যা ভূমি মালিকদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে সক্ষম হবে।
তিনি বলেন, রিয়েল টাইম আপডেট প্রক্রিয়ার মাধ্যমে মিউটেশনের সঙ্গে সঙ্গে ভূমি ম্যাপ সংশোধন করা হবে এবং একবার জরিপ কাজ সম্পন্ন হলে পুনরায় জরিপের প্রয়োজন হবে না। এই প্রকল্পের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা এবং সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করে অটোমেশন ব্যবস্থার বাস্তবায়ন করা সম্ভব হবে। ইডিএলএমএস প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর জেলায় ৬৩৪টি মৌজায় ৩৮৩ কোটি ৫০ লাখ টাকায় তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে।
পরে, ভূমি উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জনবান্ধব ভূমি সেবা প্রদানে মাঠ প্রশাসন ও ভূমি সেবা অটোমেশনে ডেটা এন্ট্রির গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ডিজি এলআর মহ. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ এবং জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


