লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় এক বাংলাদেশি নিহত

প্রকাশিত: 2:08 PM, November 3, 2024

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ নিজাম, পাসপোর্ট অনুযায়ী, তাঁর বয়স ৩১ বছর ১১ মাস। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও মোসা. আনোয়ারা বেগমের ছেলে।

দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) নিজাম বিমান হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।

কূটনৈতিক সূত্র জানায়, নিজামের স্ত্রী লেবাননে অবস্থান করছেন এবং দূতাবাস তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। যুদ্ধপরিস্থিতির কারণে ফ্লাইট না থাকায় বর্তমানে নিজামের মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে। তবে মাস খানেক ধরে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২ হাজার ৮৬৭ জন মানুষ নিহত ও ১৩ হাজার ৪৭ জন আহত হয়েছেন।

নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য