
বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি ।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি ভারতের তামিলনাড়ু বা শ্রীলঙ্কার উপকূলে অগ্রসর হতে পারে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।
এই তিন দিনে সারা দেশে আকাশ মেঘলা হতে পারে, তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশে কোথাও বৃষ্টিপাত হয়নি।
এ মাসে আবহাওয়া অধিদপ্তর একাধিক লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল, এর মধ্যে মাসের শুরুতে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল।
অন্যদিকে, ঢাকা ও তার আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।