অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন টানা চতুর্থবারের মতো মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেট দল থেকে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। চন্দন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের তুলনায় ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন। এর আগে একই নির্বাচনি এলাকা থেকে তিনি তিনবার সিনেটর হিসেবে নির্বাচিত হন, এবং তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও জর্জিয়ার প্রথম মুসলিম আইনপ্রণেতা।
শেখ মুজাহিদুর রহমান চন্দনের জন্ম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ৬৩ বছর বয়সী চন্দন বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো সন্তান।
চন্দনের এই বিজয় ও সাফল্যে জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষজনের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে তিনি প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশি জনগণের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে চন্দন বলেন, সকলের সহযোগিতায় তিনি বহুজাতিক সেতুবন্ধনের একটি সমাজে বিজয়ী হয়েছেন। এমন নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনে তিনি আরও সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।