
কিশোরগঞ্জের একটি হত্যা মামলায় আদালত ১৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মজিবুর রহমান মীর (৬৫), হাবিবুর রহমান (৬৩), মুখলেছ (৩২), শামীম (৪০), আরিফ (৩১), রানা (২৫), আমিনুল (৩৭), আব্দুর রাশিদ (৫৫), ফাইজুল (৫০), মনির (২৯), শাহীন (৪০), হাদিস (৫০) ও কামরুল (২৯)। রায় ঘোষণার সময় ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে কামরুল পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, জমির সীমানা নির্ধারণ নিয়ে করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মীরপাড়া গ্রামের আইন উদ্দিনের সঙ্গে আসামি ফাইজুল ও হাদিসদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে আইন উদ্দিন জমির সীমানা নির্ধারণ করতে গেলে আসামিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।
এর কিছুক্ষণ পর, বাদীর বড় ভাই মনির মিয়া বাড়ি ফেরার পথে আসামিরা তাকে ঘেরাও করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। মনির মিয়ার চিৎকারে তার ভাই আইন উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে আসামিরা তাদের ওপরও হামলা চালিয়ে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় মনির মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
নিহতের ছোট ভাই আইন উদ্দিন ২০২০ সালের ১২ এপ্রিল করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন একই বছরের ৩০ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।