
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতি নৌশাদ শিকদারকে নিজ দলের নেতা-কর্মীরা মারধর করেছেন। কিশোরগঞ্জে যুবদল নেতা বৃহস্পতিবার দুপুরে মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচতলায় এ ঘটনা ঘটে। শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল মিয়া ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. সজীবের নেতৃত্বে ১০-১২ জন নৌশাদকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, নৌশাদকে গেস্টহাউসের নিচতলায় দেখেই টুটুল ও সজীবের নেতৃত্বাধীন দল লাঠি দিয়ে মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে টুটুল মিয়া বলেন, নৌশাদ তাঁর বংশের এক ব্যক্তির দোকান এক মাস আগে জোর করে বন্ধ করে দেন এবং পুনরায় চালু করতে এক লাখ টাকা চাঁদা ও মাসিক ভাড়া দাবি করেন।
অন্যদিকে, নৌশাদ শিকদার দাবি করেন, তিনি কোনো চাঁদা দাবি করেননি এবং কেন তাঁকে মারধর করা হলো, তা জানেন না। কিছু বুঝে ওঠার আগেই ১০-১২ জন লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালান। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ভিডিও দেখার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।